লক্ষ্মীপুরে নিখোঁজের আট দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রলীগকর্মী ফজলে রাব্বি (২১)–এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামে একটি ফাঁকা বাড়ির টয়লেট ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাব্বি হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারী বাড়ির বাসিন্দা বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন এবং স্থানীয়ভাবে ছাত্রলীগকর্মী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ এলাকা থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজারে যান রাব্বি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরদিন রাব্বির বাবা বেল্লাল হোসেন চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। এরই মধ্যে চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ির একটি প্রবাসী পরিবারের ফাঁকা ঘরের টয়লেট ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে।
স্থানীয়রা দুর্গন্ধ ও মাছি উড়তে দেখে সন্দেহ হলে ট্যাংকের ভেতরে হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচা মো. সোহরাওয়ার্দী বলেন, আট দিন ধরে রাব্বি নিখোঁজ ছিল। দুর্গন্ধ ছড়ানোর খবর পেয়ে এসে তারা ট্যাংকের ভেতর মরদেহ শনাক্ত করেন। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তারা এখনো জানতে পারেননি।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাহেদ নামের এক ব্যক্তিকে ঢাকার একটি এলাকা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
