মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের একটি আন্ডারপাস থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক কৃষিবিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সূর্যনগর বাজার এলাকার আন্ডারপাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আন্ডারপাসের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার গুলশানে একটি ব্যাংকে পে-অর্ডার জমা দিতে গিয়ে নিখোঁজ হন শহীদুল ইসলাম। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় সেদিনই তাঁর শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিন দিন পর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের খবরে পরিবারে নেমে আসে শোক ও আতঙ্ক।
নিহতের শ্বশুর বলেন, নিখোঁজের পর থেকেই তারা উদ্বিগ্ন ছিলেন। এভাবে মরদেহ উদ্ধারের খবরে তারা দিশাহারা হয়ে পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। সেখানে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
