সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে থাকা স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মহেশখালী ও চকরিয়া উপজেলা থেকে আরও চারটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎকেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডেই আগুন লেগেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে এবং তিনিও বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছেন।
এদিকে অগ্নিকাণ্ডের বিষয়ে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে এর কোনো প্রভাব পড়েছে কি না—তা এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
