বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগের ছড়াছড়ি। বাংলাদেশে বিপিএল, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টি, ভারতে আইপিএল ও পাকিস্তানে পিএসএল প্রতিটি লিগই নিজ নিজ বৈশিষ্ট্যে আলাদা। সমর্থকদের বড় একটি অংশ নিজেদের প্রিয় লিগকে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে দাবি করেন। কিন্তু বাস্তবে কোন লিগটি সত্যিকার অর্থে সবচেয়ে প্রতিযোগিতামূলক?
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট উইজডেন জনপ্রিয়তা বা তারকার উপস্থিতি নয়, বরং পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। তাদের মতে, সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ মানে এমন একটি টুর্নামেন্ট, যেখানে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য থাকে এবং একতরফা ম্যাচ তুলনামূলকভাবে কম হয়।
এই বিশ্লেষণে আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, বিপিএলসহ মোট ১০টি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগের ২০২২–২৩ মৌসুম থেকে শুরু করে সাম্প্রতিক ম্যাচগুলোর তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।
আইপিএলে রান, কিন্তু ভারসাম্য কম
পরিসংখ্যান বলছে, আইপিএলই সবচেয়ে রানবহুল লিগ। ২০২৫ আইপিএলে ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৫২.৩৯, যা অন্য সব লিগের চেয়ে বেশি। তবে একই সঙ্গে বোলারদের জন্য এটি সবচেয়ে কঠিন লিগগুলোর একটি। বোলিং স্ট্রাইক রেট তুলনামূলকভাবে বেশি হওয়ায় বোঝা যায়, এখানে ব্যাটসম্যানদের আধিপত্য স্পষ্ট।
বিশ্লেষকেরা বলছেন, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু থাকার কারণেই আইপিএল আরও বেশি ব্যাটিং–বান্ধব হয়ে উঠেছে।
বিপিএল ও এলপিএল: বোলারদের রাজত্ব
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাটিং স্ট্রাইক রেট মাত্র ১৩৬, যেখানে বোলিং স্ট্রাইক রেট ১৯.৫। অর্থাৎ বিপিএল তুলনামূলকভাবে বোলিং–বান্ধব। একই চিত্র শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগেও, যেখানে ব্যাটিং আরও কঠিন।
এই দুই লিগে ভারসাম্যের ঘাটতি থাকায় উইজডেনের সংজ্ঞা অনুযায়ী এগুলো সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের তালিকায় পিছিয়ে পড়েছে।
কোন লিগে ম্যাচ সবচেয়ে হাড্ডাহাড্ডি
প্রথম ও দ্বিতীয় ইনিংসের রান রেটের পার্থক্য দিয়ে ভারসাম্য বিচার করলে দেখা যায়, আইপিএলে দুই ইনিংসের ব্যবধান খুবই কম। তবে স্বল্প ব্যবধানে নিষ্পত্তি হওয়া ম্যাচের হিসাবে সবচেয়ে এগিয়ে ইংল্যান্ডের দ্য হানড্রেড।
পুরো ২০ ওভারের টি–টোয়েন্টি লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি শ্বাসরুদ্ধকর ম্যাচ হয়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পিএসএলের প্রায় ৮ শতাংশ ম্যাচ ৫ বা তার কম রানের ব্যবধানে শেষ হয়েছে। আইপিএল এই তালিকায় তৃতীয়, বিপিএল রয়েছে নিচের দিকে।
বড় রান তাড়া ও ছোট রান রক্ষা
১৮০ বা তার বেশি রান তাড়া করার ঘটনা সবচেয়ে বেশি দেখা গেছে আইপিএলে, যা আবারও ব্যাটিং আধিপত্যের প্রমাণ দেয়। বিপিএলে ১৮০ রান তাড়া হয়েছে মাত্র একবার।
অন্যদিকে, ১৪০ রানের মতো কম স্কোর ডিফেন্ড করার ঘটনা খুবই কম, যা দেখায় বেশির ভাগ লিগেই ব্যাটসম্যানরা প্রভাবশালী।
চূড়ান্ত চিত্র
সব সূচক মিলিয়ে উইজডেনের বিশ্লেষণে উঠে এসেছে দ্য হানড্রেড এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ব্যাট ও বলের ভারসাম্যের দিক থেকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আইপিএল ও পিএসএল ব্যাটিং–বান্ধব, বিপিএল ও এলপিএল বোলিং–বান্ধব লিগ হিসেবে চিহ্নিত হয়েছে।
অর্থাৎ সবচেয়ে বড় আর সবচেয়ে জনপ্রিয় লিগ মানেই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ধারণা পরিসংখ্যানের বিচারে পুরোপুরি ঠিক নয়।