নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা ও দলীয় নেতৃত্বের ভবিষ্যৎ নির্ধারণে জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
স্থায়ী কমিটির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। তবে বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
দলীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর শূন্য হয়ে পড়া দলের চেয়ারম্যান পদ নিয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে।
বর্তমানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম মূলত তাঁর নেতৃত্বেই পরিচালিত হয়ে আসছে।
করোনাকালে ২০২০ সালে শর্তসাপেক্ষে খালেদা জিয়া মুক্তি পেলেও তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তি পেলেও তিনি আর দলীয় কার্যক্রমে ফেরেননি। চলতি বছরের ৩০ ডিসেম্বর তাঁর ইন্তেকালের পর বিএনপির নেতৃত্বের আনুষ্ঠানিক কাঠামো নির্ধারণের বিষয়টি নতুন করে সামনে আসে।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘দু-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।’
তাঁর এই বক্তব্যের পর দলটির ভেতরে ও বাইরে নেতৃত্ব সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে আলোচনা জোরদার হয়।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারম্যান পদ শূন্য হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। সেই অনুযায়ী তারেক রহমান দীর্ঘদিন ধরেই কার্যত দলের প্রধান হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন।
তবে দলীয়ভাবে এখনো তাঁকে ‘চেয়ারম্যান’ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এবং প্রচার কার্যক্রমেও এই পদবি ব্যবহার করা হচ্ছে না।
এ অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দলীয় প্রচারে কোন নেতার ছবি ব্যবহার করা যাবে—সে বিষয়েও দলটির ভেতরে স্পষ্টতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশনের আচরণ বিধিমালা অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী কেবল বর্তমান দলীয় প্রধানের ছবি প্রচারসামগ্রীতে ব্যবহার করতে পারেন।
বিএনপির মিডিয়া সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, স্থায়ী কমিটির একাধিক সদস্য তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ জানিয়েছেন।
তবে তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তৃণমূল নেতাকর্মীদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিতে আগ্রহী।
আজকের বৈঠকে এ বিষয়ে কী সিদ্ধান্ত আসে—সেদিকে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলের নজর রয়েছে।
