মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটিতে অবস্থিত বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় ওই বাসভবনে ভাঙচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যান্সের ব্যক্তিগত বাসভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। তবে ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট বা তাঁর পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। মার্কিন সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে, ভ্যান্স পরিবার ঘটনার আগেই শহর ছেড়ে গিয়েছিল।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগ্লিয়েলমি বলেন, একজন অজ্ঞাতপরিচয় প্রাপ্তবয়স্ক পুরুষকে আটক করা হয়েছে। তিনি ব্যক্তিগত বাসভবনের বাইরের অংশে জানালা ভাঙচুরের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি রাত দেড়টার কিছু পর ঘটে। এখনো এটি পরিকল্পিত হামলা নাকি সাধারণ ভাঙচুর বা চুরির চেষ্টা—তা নিশ্চিত হওয়া যায়নি। একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, আটক ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট বা তাঁর পরিবারকে লক্ষ্যবস্তু করেছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনসিনাটি পুলিশ বিভাগ ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ইউএস সিক্রেট সার্ভিস।
সূত্র: সিএনএন
