গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে চুরির অভিযোগ তুলে এক নারীকে খুঁটিতে বেঁধে ঠান্ডা পানি ঢেলে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, ২ জানুয়ারি সকালে একটি মাদ্রাসায় চুরির সন্দেহে ওই নারীকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে না দিয়ে স্থানীয়ভাবে ‘শাস্তি’ দেওয়ার সিদ্ধান্ত নেয় কয়েকজন। শাস্তির অংশ হিসেবে নারীকে বেঁধে পানি ঢালা হয়। এ সময় আশপাশে জড়ো হওয়া লোকজনের কেউ একজন ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়।
ভিডিওটি নজরে আসার পর শনিবার রাতে গুলশান থানার পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসার দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। তবে নির্যাতনের শিকার নারীকে এখনো শনাক্ত বা খুঁজে পাওয়া যায়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, ঘটনার ভিডিও দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুক্তভোগী নারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা ও আইনি পদক্ষেপের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
