নিউইয়র্ক সিটির ব্রঙ্কস বরোতে এক উবার (রাইডশেয়ার) চালককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতরে মাথায় একাধিক গুলিবিদ্ধ অবস্থায় চালকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাটি ২০২৬ সালে নিউইয়র্ক সিটির প্রথম হত্যাকাণ্ড হিসেবে নথিভুক্ত হয়েছে।
নিহত ব্যক্তির নাম ইসা ইসাক (Issa Isac)। তাঁর বয়স ৫৫ বছর। তিনি একজন আফ্রিকান অভিবাসী এবং পেশায় রাইডশেয়ার চালক ছিলেন।
পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৭টার কিছু আগে ব্রঙ্কসের মাউন্ট হোপ এলাকার মরিস অ্যাভিনিউতে একটি নীল রঙের টয়োটা আরএভি–৪ গাড়ির ভেতরে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী বা হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। এটি ডাকাতি, যাত্রীসংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
এদিকে নিউইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভারস (NYSFTD) নিহত চালকের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে এবং হত্যাকারীদের শনাক্তে সহায়ক তথ্যের জন্য পুরস্কারের ঘোষণাও দিয়েছে।
এই হত্যাকাণ্ডের পর নিউইয়র্কে রাইডশেয়ার ও ট্যাক্সি চালকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চালক সংগঠনগুলো বিশেষ করে রাত ও ভোরের শিফটে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে।
সূত্র: ABC7 New York, New York Post, News 12 Bronx, FreedomNews TV
