আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দলবদল ও দল বিলুপ্তির প্রবণতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
একাধিক রাজনৈতিক দলের নেতা নিজেদের দল ভেঙে বা দল ত্যাগ করে বড় রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এবং সেখান থেকেই সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পাচ্ছেন।
এ প্রবণতাকে অনেকে ‘যে কোনো মূল্যে এমপি হওয়ার চেষ্টা’ হিসেবে দেখছেন। সমালোচকদের মতে, নির্বাচনকে সামনে রেখে নীতি ও আদর্শ উপেক্ষা করে বড় দলে যোগ দেওয়া রাজনৈতিক নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বাস্তবতায় সংসদ সদস্য হওয়া মানে শুধু আইনপ্রণেতা হওয়া নয়, বরং ক্ষমতা, প্রভাব ও সামাজিক প্রতিপত্তি অর্জনের সুযোগ পাওয়া।
সে কারণেই নির্বাচনের আগে এমপি হওয়ার জন্য দল বদল বা নিজ দল বিলুপ্ত করার প্রবণতা দেখা যাচ্ছে।
তবে সংশ্লিষ্ট কয়েকজন সম্ভাব্য প্রার্থী ও ছোট দলগুলোর নেতারা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।
তাদের ভাষ্য, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় দলীয় প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, জোটবদ্ধ দলগুলোকেও নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে হয়, যা ছোট দলগুলোর জন্য বাস্তব চ্যালেঞ্জ তৈরি করে।
এই বাস্তবতায় বড় দলে যোগ দেওয়াকে তারা ‘অনৈতিক সিদ্ধান্ত’ নয়, বরং একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অতীতে সামরিক শাসনামলে এবং বিভিন্ন রাজনৈতিক সংকটকালে দলবদল ও জোট রাজনীতির নজির থাকলেও, নির্বাচনের আগে সরাসরি দল বিলুপ্ত করে বড় দলে যোগ দেওয়ার ঘটনা এবারের নির্বাচনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
