আইপিএল ২০২৬-এর পূর্ণ সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে নিশ্চিত হওয়া গেছে, আগামী আসরটি অনুষ্ঠিত হবে ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত। সাম্প্রতিক কয়েক বছর ধরেই এই সময়সীমার মধ্যেই আইপিএল আয়োজন করা হচ্ছে।
বিসিসিআই জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহের মধ্যেই শুরু হবে আইপিএলের ১৯তম আসর। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
টানা দ্বিতীয় বছরের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সঙ্গে প্রায় একই সময়ে আইপিএল আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। পিএসএলের সূচি নির্ধারিত হয়েছে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত।
এদিকে, নভেম্বরের মাঝামাঝি সময়ে আইপিএল দলগুলো তাদের রিটেইন ও রিলিজ করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। আজ আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল মিনি নিলাম। এই নিলামে ৩৬৯ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। দলগুলো সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ ৩১ জন। সবচেয়ে বেশি, সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের।
চলতি বছরের আইপিএলে ৩ জুন ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
