রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিজের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি বলেছেন, এমন কোনো কাজ তিনি করেননি, যা সন্ত্রাসবিরোধী আইনের আওতায় পড়ে।
সোমবার বিকেলে মামলার বিষয়টি জানার পর বিবিসি বাংলাকে শাওন বলেন, সন্ত্রাস কী তা দিনের আলোর মতো পরিষ্কার। সেই জায়গা থেকে তিনি নিশ্চিত, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার মতো কোনো কর্মকাণ্ড তার নেই।
এই মামলায় শাওনের সঙ্গে আসামি করা হয়েছে সাংবাদিক আনিস আলমগীর, মডেল মারিয়া কিশপট্ট এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজকে। জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তথাকথিত ‘সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি’ এবং তথাকথিত আন্দোলন নিয়ে ‘কটূক্তি’র মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করা হয়েছে।
অভিযোগের জবাবে শাওন বলেন, তিনি যে মতামত প্রকাশ করেছেন, তা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। আজ পর্যন্ত তিনি কোনো দলের নাম কিংবা কোনো নেতার নাম ব্যবহার করে বক্তব্য দেননি বলেও দাবি করেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, তিনি কোনো রাজনৈতিক বিশ্লেষক নন; একজন সাধারণ নাগরিক। নাগরিক হিসেবে কোথাও অন্যায় বা অসংগতি মনে হলে সেটিই তিনি প্রকাশ করেছেন।
বাকস্বাধীনতার প্রসঙ্গ টেনে শাওন বলেন, একাত্তর থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই তথাকথিত আন্দোলন সব জায়গাতেই মূল দাবি ছিল মতপ্রকাশের স্বাধীনতা। এখন যদি সাধারণ মতামত প্রকাশ করলেই মামলা ও গ্রেপ্তারের আশঙ্কা তৈরি হয়, তাহলে সেই বাকস্বাধীনতা কোথায় থাকে এই প্রশ্নও তোলেন তিনি।
