সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ আওয়ামী লীগ তাদের চলমান ‘শাটডাউন’ কর্মসূচি একদিন বাড়িয়ে মঙ্গলবারও (১৮ নভেম্বর) তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। দলটি এই রায়ের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে শিগগিরই মুহাম্মদ ইউনূস সরকারের পতনের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ট্রাইব্যুনালের এই রায়কে ‘নাক্কারজনক‘ উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শক্তি – যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক শেখ হাসিনাকে রাজনৈতিক নির্বাসনে পাঠাতে চায় – তাদের উসকানি দিচ্ছে এই রায়। তিনি বর্তমান আদালতকে ‘তাবেদার ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট‘ হিসেবে আখ্যা দেন।
নাছিম জানান, গত দুই দিন ধরে চলা এই ‘শাটডাউন‘ আগামী ১৮ নভেম্বরও চলমান থাকবে। এরপরই ‘স্টেপডাউন ইউনূস‘ কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি হুঁশিয়ারি দেন, “ফ্যাসিস্ট ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং তার পতনের মধ্যে দিয়ে দেশে শান্তি কায়েম হবে।”
এর আগে দলের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক এক ভিডিও বার্তায় এই রায়কে দলীয়ভাবে প্রত্যাখ্যানের কথা জানান এবং অচিরেই অন্তর্বর্তী সরকারকে পদত্যাগে বাধ্য করার ঘোষণা দেন। দলের নেতারা বিশ্বাস করেন, দেশের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল জনগণ এই প্রহসনের রায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
