নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতাকে নিয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনী উদ্বোধনের কিছুক্ষণ আগে ‘নিরাপত্তাজনিত কারণে’ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪টায় আগারগাঁওয়ে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন হওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও মফিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। সারওয়ার আলী জানান, বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে প্রদর্শনীটি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। তাদের পরামর্শ অনুযায়ী উদ্বোধনী আয়োজন স্থগিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কয়েকজন অতিথি জাদুঘরে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান শুরুর কিছু আগে ১২ থেকে ১৫ জন পুলিশ সদস্য সেখানে গিয়ে নিরাপত্তার কথা উল্লেখ করে অনুষ্ঠান শুরু না করার পরামর্শ দেন। পরে আয়োজকরা উদ্বোধন স্থগিতের ঘোষণা দেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, অনুমতি ছাড়া একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পুলিশকে সহায়তার অনুরোধ জানানো হয়েছিল। পরে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি দেখভাল করেন।
জাদুঘরের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৪টায় ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন হওয়ার কথা ছিল। এতে বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের। প্রদর্শনীটি ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলার পরিকল্পনা ছিল।
প্রদর্শনীর উদ্দেশ্য সম্পর্কে সারওয়ার আলী বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরে সাধারণত ১৬ ডিসেম্বরের পরবর্তী সময়ের ঘটনাবলি নিয়ে অনুষ্ঠান করা হয় না। এবারের প্রদর্শনীতে জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্ব এবং মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক ভূমিকা তুলে ধরার পরিকল্পনা ছিল। এটি কেবল জেলহত্যা দিবসের সাধারণ কোনো আয়োজন ছিল না।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর একই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন সরকারের চার শীর্ষ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে। বাংলাদেশের ইতিহাসে এ ঘটনা জেলহত্যা দিবস হিসেবে পরিচিত।
প্রদর্শনী আয়োজনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নেওয়া হয়েছিল কি না এমন প্রশ্নে সারওয়ার আলী বলেন, এ ধরনের অনুষ্ঠানের জন্য সাধারণত আলাদা অনুমতির প্রয়োজন হয় না বলে তারা মনে করেছিলেন। তিন-চার দিন আগেই প্রদর্শনীর বিষয়টি প্রচার করা হয়েছিল। তাই শেষ মুহূর্তে আয়োজন স্থগিতের সিদ্ধান্ত তাদের কাছে অপ্রত্যাশিত ছিল।
