নিজস্ব প্রতিবেদক
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে আগামী তিন অর্থ বছরের মধ্যে পর্যায়ক্রমে এই করের অর্থ পরিশোধের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের কর পুনর্মূল্যায়নের পর এনবিআর গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা আয়কর দাবি করে। ২০১৭ সালে এনবিআরের এই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করে গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ। প্রাথমিক শুনানি শেষে তৎকালীন আদালত রুল জারি করলেও পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের নতুন একটি দ্বৈত বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে রিট ও রুল আবেদনগুলো খারিজ করে দেন।
গ্রামীণ কল্যাণের আইনজীবী অ্যাডভোকেট খাজা তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, রিট আবেদন খারিজ হওয়ার ফলে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর আদায়ের আইনি বাধা অপসারিত হয়েছে। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের নির্দেশনা মেনে আগামী তিন অর্থবছরে এই করের অর্থ পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের অনুকূলে দেওয়া হাইকোর্টের একটি আগের রায় স্বতঃপ্রণোদিতভাবে (সুওমোটো) প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। পরবর্তীতে মামলাটি পুনর্ শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হলে এনবিআরের পক্ষে রায় আসে, যা আজ পূর্ণাঙ্গ কপি প্রকাশের মাধ্যমে বাস্তবায়নের প্রক্রিয়ায় গেল।
