নিজস্ব প্রতিবেদক: এলপিজির দাম ও সরবরাহ ব্যবস্থায় অনিয়ম এবং ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, মাত্র পাঁচটি কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে এলপিজির বিপণন ব্যবস্থা। এসব কোম্পানি স্বেচ্ছাচারী কায়দায় গ্যাসের দাম বাড়াচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। তিনি জানান, ব্যবসায়ীদের দাবিদাওয়া পূরণ না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
সেলিম খান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এসব সমস্যার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, মাত্র পাঁচটি কোম্পানির হাতে এলপিজি সিলিন্ডারের বিপণন কার্যক্রম জিম্মি হয়ে পড়েছে। এসব কোম্পানির মাধ্যমে স্বেচ্ছাচারী কায়দায় এলপিজির মূল্য বাড়ানো হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়।
তবে সরকার নির্ধারিত দামে বাজারে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ক্রেতাদের ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।
ব্যবসায়ীদের ঘোষিত কর্মসূচি কার্যকর হলে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। এতে রান্নার গ্যাস সংগ্রহে ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ গ্রাহকেরা।
