নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মাহফুজুল হায়দার রোটনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর মামা তৌহিদুল ইসলাম চৌধুরী সুমন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলামও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাঁর মৃত্যুর বিষয়টি প্রকাশ করেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন রোটন। চিকিৎসার জন্য গত দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ভারতের কলকাতায় অবস্থান করছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে গত ৪ অক্টোবর রাতে তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন (তৎকালীন সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন)। ছাত্রলীগের নেতৃত্ব শেষে তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় যুক্ত ছিলেন। ২০২১ সালে তিনি আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হন। চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা রোটন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।১/১১ এর সময় সাহসি ভূমিকা রাখার কারণে তৃণমূল ছাত্রলীগের কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেন এই ছাত্রনেতা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
