নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটভাটায় মাটি সরবরাহ ও চাঁদাবাজির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক তরুণ গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বক্তাবলী এলাকায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ এবং আওয়ামী লীগ থেকে বিএনপি নেতার আশ্রয়ে আসা সামেদ আলীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সামেদ আলীর ছেলে হৃদয় (৩০) পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। অন্য আহতদের স্থানীয়দের সহায়তায় নারায়ণগঞ্জ ও পার্শ্ববর্তী মুন্সীগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর আশ্রয়ে সামেদ আলী বক্তাবলীর ২০ থেকে ২৫টি ইটভাটায় একচ্ছত্র চাঁদাবাজি ও চড়া দামে মাটি বিক্রি করতেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে গেলেও সামেদ আলী এলাকায় অবস্থান পরিবর্তন করে বিএনপির স্থানীয় বলয়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালান। সম্প্রতি ধলেশ্বরী নদী থেকে অবৈধ বালু ও মাটি তোলায় বাধা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক স্থানীয় নেতাকে মারধরের অভিযোগও ওঠে সামেদ চক্রের বিরুদ্ধে।
কয়েক দিন ধরে সামেদ আলী ইটভাটায় মাটি সরবরাহের একক নিয়ন্ত্রণ নিতে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধানের নাম ব্যবহার করছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ সভাপতি নজরুল প্রধানের সঙ্গে সমন্বয় করে সামেদকে প্রতিহত করার উদ্যোগ নেন। এরই জেরে শনিবার উভয়পক্ষ দেশীয় অস্ত্র, টেঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুলিবিদ্ধ হৃদয় অভিযোগ করে বলেন, সংঘর্ষ চলাকালে হালিম আজাদ নিজে পিস্তল দিয়ে তাঁর পায়ে গুলি চালান। তবে ঘটনার বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু জানান, দলীয় কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা বিশৃঙ্খলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটভাটার চাঁদাবাজি ও মাটির ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
