নিউইয়র্ক প্রতিনিধি: বিশ্বের অন্যতম পরিচিত নগরী নিউইয়র্কের টাইমস স্কয়ারে আগামী ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টাইমস স্কয়ার দুর্গাপূজা ২০২৬’। বেঙ্গলি ক্লাব ইউএসএ-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজকদের আমন্ত্রণপত্র অনুযায়ী, ম্যানহাটনের ফাদার টাইমস্ স্কয়ারে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই আয়োজন। নিউইয়র্কের ব্যস্ততম ও বিশ্বখ্যাত এই স্থানে মা দুর্গার আরাধনাকে কেন্দ্র করে প্রবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হবে অনুষ্ঠানটি বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বেঙ্গলি ক্লাব ইউএসএ একটি অলাভজনক সংগঠন হিসেবে প্রবাসে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে কাজ করছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, টাইমস স্কয়ারে দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং শক্তির আরাধনা, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা এবং বিশ্বদরবারে বাঙালির সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার একটি বিশেষ উপলক্ষ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ উদ্যাপনে সবার উপস্থিতি তাঁদের জন্য সম্মানের বিষয়। উৎসবকে ঘিরে প্রবাসী বাঙালি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
টাইমস স্কয়ার দুর্গাপূজা ২০২৬-এর সভাপতি ইরিন মজুমদার এবং সাধারণ সম্পাদক নিতাই পাল আমন্ত্রণপত্রের মাধ্যমে অতিথিদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা জানান, দুই দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করবেন দুই বাংলার সব জনপ্রিয় সব তারকারা।
নিউইয়র্কের মতো বহুজাতিক নগরীর কেন্দ্রে দুর্গাপূজার এই আয়োজন প্রবাসে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
