নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও ১৫ আগস্টের শহীদ শেখ ফজলুল হক মণি প্রতিষ্ঠিত ঐতিহাসিক ‘দৈনিক বাংলার বাণী’ ভবনটি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। গত ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রাজধানীর মতিঝিলের ৮১ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত এই স্মৃতিবিজড়িত কার্যালয়টি বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতা মহসিন রেজাসহ সংশ্লিষ্ট একটি দল ভবনটি দখল করে নেয়। দখলের পর ভবনের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত থাকা যাবতীয় মালামাল ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ভবনটির সার্বিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে তাদের কাছেই রয়েছে।
অন্যদিকে, ঐতিহাসিক এই ভবনের পেছনের অংশের একতলা ও দোতলা জুড়ে ‘পানশি’ নামের একটি রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে।
স্থানীয় সূত্রমতে, বিএনপি নেতা সানি সারওয়ারের প্রত্যক্ষ নেতৃত্বে এই রেস্তোরাঁটি পরিচালিত হচ্ছে। দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত একটি ঐতিহাসিক স্থাপনা এভাবে রাজনৈতিক পরিচয়ে দখল, মালামাল লুট এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে।
সচেতন মহল ও স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঐতিহাসিক স্মৃতিচিহ্ন ও সম্পদের ওপর এমন অবৈধ দখলদারিত্ব আইন ও নৈতিকতার চরম লঙ্ঘন। অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই লুটপাট ও দখলদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে।
