ফোরটিন ডেস্ক : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত ১১-দলীয় জোটের মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমানের তীব্র সমালোচনা করে বলেছেন, “তারেক রহমান বাংলাদেশে ভালো কিছু দিতে পারবেন না। তারেক রহমানের কোনো ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ কেবল বাংলাদেশের জনগণের। তারেক রহমান ক্ষমতায় থাকবেন না, তার পতন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। শেখ হাসিনার মতোই জনগণ তার বিচার করবে; এখানে কোনো নেগোসিয়েশন (আপস) হবে না।”
বুধবার (৫ আগস্ট, ২০২৬) দুপুরে জুলাই অভ্যুত্থানের দিনটি স্মরণে এ সমাবেশের আয়োজন করা হয়।
২৪-এর অভ্যুত্থানের স্মৃতিচারণ করে পাটওয়ারী বলেন, ৫ আগস্টের রাজপথে সাধারণ কৃষক, মজুর, রিকশাচালক ও শিক্ষার্থীরা জীবনবাজি রেখে লড়েছিল, সেখানে তারেক রহমানের কোনো অবদান বা ছায়া ছিল না। আজ ক্ষমতায় এসে জনরায় না মেনে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় না মানলে এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে হাঁটলে পাকিস্তানি জান্তা বা শেখ হাসিনার মতোই পরিণতি বরণ করতে হবে।
তারেক রহমানের বিরুদ্ধে বৈদেশি শক্তির কাছে স্বার্থ বিক্রির চরম অভিযোগ তুলে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, নির্বাচনের আগে ভারতসহ একাধিক ‘ডিপ স্টেট’-এর কাছে দেশকে বিক্রি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন তারা পাওনা চাচ্ছে। কিন্তু বাংলাদেশের মালিকানা কোনো ব্যক্তি বা পরিবারের নয়, এ দেশের সাধারণ মানুষের।
সাম্প্রতিক ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, টেন্ডারবাজির প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর রামদা-চাপাতি নিয়ে হামলা চালানো হয়েছে, এমনকি আহতদের হাসপাতালে চিকিৎসাও নিতে দেওয়া হয়নি। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, রাজপথে চাঁদাবাজদের ঠাঁই হবে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত আলেম সমাজ ও হেফাজতে ইসলামের কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, বাতিলের বিরুদ্ধে লড়াইয়ে কোনো আপস নেই। আগামী দিনে ইসলাম, সংস্কার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঢাকা-কেন্দ্রিক জাতীয় শক্তির পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
