ফোরটিন ডেস্ক : আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পর রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অপ্রাপ্তবয়স্ক কিশোর ও স্কুলশিক্ষার্থীদের আটক করার ঘটনায় নতুন করে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি গাজীপুরে বন্ধুর জন্মদিনের কেক কাটার আয়োজন থেকে ১১ কিশোরকে আটক এবং মুন্সিগঞ্জে ৩৩ অপ্রাপ্তবয়স্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘটনায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুলিশের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ অনুযায়ী, গত ১৩ নভেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর গাজীপুরের জয়দেবপুরের জোড়পুকুরপাড় এলাকায় কয়েকজন কিশোর বন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ এসে তাদের আটক করে। স্বজনদের দাবি, আটক কিশোরদের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হয়।
আটক কিশোরদের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আল দ্বীন রেজা তন্ময় এবং গাজীপুর ছায়াবীথি সোসাইটি স্কুলের শিক্ষার্থী আইনুলসহ কয়েকজন স্কুলপড়ুয়া রয়েছে। তন্ময়ের বাবা রেজাউল করিমের ভাষ্যমতে, তাঁর ছেলে ও বন্ধুরা নামাজ শেষে বাসার নিচে একটি চায়ের দোকানে বন্ধু শান্তর জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছিল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শায়লা ফারজানা স্বাক্ষরিত এক লিখিত প্রত্যয়নপত্রে তন্ময়কে বিজ্ঞান বিভাগের নিয়মিত শিক্ষার্থী উল্লেখ করে বলা হয়েছে, বিদ্যালয়ে অধ্যয়নকালে সে শৃঙ্খলাপরিপন্থী বা রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না।
তবে পরিবারের এই দাবি নাকচ করে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, কেক কাটার আড়ালে ওই কিশোরেরা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।
অন্যদিকে, গাজীপুরের ঘটনার দিনই অর্থাৎ ১৩ নভেম্বর মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর মোল্লারচর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি আয়োজনের সন্দেহে ৩৭ জন কিশোর ও তরুণকে আটক করে পুলিশ। পরদিন আদালতে হাজির করা হলে তাদের মধ্যে ৩৩ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় আদালতের নির্দেশে তাদের গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয় এবং বাকি চারজনের বয়স ১৯ বছর হওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশের দাবি, ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা গোপন বৈঠক ও কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিপরীতে আটক কিশোরদের স্বজনদের দাবি, তারা বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আইন ও মানবাধিকার বিশ্লেষকদের মতে, কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা এবং সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ ছাড়া কেবল সন্দেহের বশে অপ্রাপ্তবয়স্কদের গ্রেপ্তার করা দুটি ভিন্ন বিষয়। বাংলাদেশের শিশু আইন এবং জাতিসংঘের শিশু অধিকার সনদে অপ্রাপ্তবয়স্কদের গ্রেপ্তার, আটক ও বিচারপ্রক্রিয়ায় বাড়তি সতর্কতা ও বিশেষ সুরক্ষার কথা বলা হয়েছে।
এমন প্রেক্ষাপটে, গাজীপুর ও মুন্সিগঞ্জে আটক কিশোরদের বিরুদ্ধে আনা অভিযোগের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার, শিক্ষক ও সচেতন মহল। কোনো অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী নিরপরাধ প্রমাণিত হলে তাদের দ্রুত মুক্তি নিশ্চিত করা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে শিশু সুরক্ষা নীতিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
