নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বেতন-ভাতা বৃদ্ধি, গ্র্যাচুইটি এবং চাকরিসংক্রান্ত অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বন্দরের দুটি গুরুত্বপূর্ণ টার্মিনাল—নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) ক্রেন পরিচালনা বন্ধ রেখে জেটিতে অবস্থান নেন তাঁরা। এর ফলে কয়েক ঘণ্টা জাহাজে কনটেইনার ওঠানামার কাজ পুরোপুরি বন্ধ থাকে।
শ্রমিকদের এই কর্মসূচিতে এনসিটি ও সিসিটির শত শত কর্মী অংশ নেন। পরবর্তীতে তাঁদের সঙ্গে একাত্মতা জানিয়ে জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও যোগ দেন। ক্রেন চলাচল বন্ধ থাকায় ওই সময় জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার খালাস এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কার্যক্রম ব্যাহত হয়।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের চাকরিসংক্রান্ত পাওনা, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে চরম অনিশ্চয়তা চলছে। বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চললেও শ্রমিকদের ন্যায্য পাওনা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কোনো কার্যকর অগ্রগতি নেই। তাই বাধ্য হয়েই তাঁরা কর্মবিরতিতে নেমেছেন।
উল্লেখ্য, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের বিষয়ে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই টার্মিনালটি হস্তান্তরের কথা রয়েছে। অন্যদিকে, সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার। চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সেখানে অন্তর্বর্তীকালীন পরিচালনার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সকালে শ্রমিকেরা তাঁদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করেছেন। তবে কয়েক ঘণ্টা কর্মসূচি পালনের পর তাঁরা পুনরায় কাজে ফিরে গেছেন এবং বর্তমানে বন্দরের সামগ্রিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
