আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির ইন্টার্নশিপ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন দেশের অফিস ও বিভাগে কাজের সুযোগ পান যোগ্য শিক্ষার্থী ও নতুন স্নাতকেরা। ইন্টার্নশিপ সাধারণত ৬ থেকে ২৬ সপ্তাহের হয়ে থাকে। পদভেদে পূর্ণকালীন, খণ্ডকালীন, দূরবর্তী বা সরাসরি কর্মস্থলে কাজের সুযোগ থাকতে পারে।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইন্টার্নরা গবেষণা, তথ্যভান্ডার ব্যবস্থাপনা, যোগাযোগসহ বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। দায়িত্ব নির্ভর করে সংশ্লিষ্ট অফিসের প্রয়োজন, পদটির ধরন, আবেদনকারীর যোগ্যতা ও আগ্রহের ওপর। প্রতিটি ইন্টার্নশিপের দায়িত্ব ও শর্ত সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে।
আবেদনকারীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, ভাষাজ্ঞান এবং নির্দিষ্ট পদের অন্যান্য শর্ত পূরণ করতে হয়। সব ইন্টার্নশিপের যোগ্যতা এক নয়। কিছু পদ আবার নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য সীমিত থাকতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত ভালোভাবে দেখে নেওয়া জরুরি।
এই কর্মসূচির অন্যতম সুবিধা হলো আর্থিক সহায়তা। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইন্টার্নদের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে। জীবনযাত্রার খরচে সহায়তার জন্য ইউনিসেফ বা অংশীদার কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এই অর্থ দেওয়া হতে পারে। অর্থের প্রাপ্যতা এবং পদের শর্ত অনুযায়ী ভ্রমণ ও ভিসা খরচের জন্য এককালীন সহায়তাও পাওয়া যেতে পারে।
বর্তমানে ইউনিসেফের নিয়োগ তালিকায় বিভিন্ন ধরনের ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউনিসেফের সদর দপ্তরে তদন্তবিষয়ক ইন্টার্নশিপের দুটি খণ্ডকালীন পদ রয়েছে। পদ দুটিই বেতনভুক্ত এবং সরাসরি কর্মস্থলে কাজ করতে হবে। এসব পদের আবেদনের শেষ সময় ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৫ মিনিট।
নিউইয়র্কে নেতৃত্ব ও বিষয়বস্তু কৌশলবিষয়ক আরেকটি ইন্টার্নশিপের সুযোগও রয়েছে। চার মাসের এই পদে সরাসরি কর্মস্থলে অথবা দূর থেকে কাজের সুযোগ উল্লেখ করা হয়েছে। এ পদের আবেদনের শেষ সময় ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৫ মিনিট। একই সময়ে নিউইয়র্ক ও ডেনমার্কের কোপেনহেগেনে আইনবিষয়ক ছয় মাসের দুটি ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। এসব পদেরও আবেদনের শেষ সময় ১৩ সেপ্টেম্বর ২০২৬।
তবে ইউনিসেফের সব ইন্টার্নশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত নয়। বর্তমান নিয়োগ তালিকায় কিছু পদ নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য সীমিত রয়েছে। তাই ইন্টার্নশিপের নাম দেখে আবেদন করার পরিবর্তে সংশ্লিষ্ট পদের নাগরিকত্বের শর্ত ও যোগ্যতা যাচাই করা প্রয়োজন।
ইউনিসেফে ইন্টার্নশিপের জন্য নির্দিষ্ট কোনো বার্ষিক আবেদন সময় নেই। বিভিন্ন অফিস ও বিভাগ তাদের প্রয়োজন অনুযায়ী সারা বছর নতুন ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ফলে আগ্রহী শিক্ষার্থী ও নতুন স্নাতকদের নিয়মিত ইউনিসেফের নিয়োগ তালিকা দেখতে হবে এবং ইন্টার্নশিপ হিসেবে চিহ্নিত পদগুলো যাচাই করতে হবে।
আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জন করতে চান এমন শিক্ষার্থী ও নতুন স্নাতকদের জন্য ইউনিসেফের এই কর্মসূচি পেশাগত দক্ষতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। তবে পদভেদে যোগ্যতা, কাজের ধরন, সময়কাল, কর্মস্থল, নাগরিকত্ব এবং আর্থিক সুবিধার শর্ত ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে যাচাই করে আবেদন করা উচিত।
