বিনোদন ডেস্ক : ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাঙালিদের জন্য অপেক্ষা করছে এক অনবদ্য ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা। আগামী ২৬ জুলাই লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বমঞ্চে বাংলা সংস্কৃতির বিশেষ সংগীত আয়োজন ‘বাংলা লাইভ’। ইউরোপের মাটিতে আয়োজিত এই মেগা কনসার্টে আন্তর্জাতিক মঞ্চ কাঁপাতে সুরের পসরা নিয়ে হাজির হচ্ছেন ‘নগর বাউল’ খ্যাত দেশের কিংবদন্তি রকস্টার মাহফুজ এনাম জেমস। আর একই মঞ্চে ঢালিউড তারকা ও জনপ্রিয় অভিনেতা জায়েদ খানের পারফর্ম যুক্ত করে পুরো আয়োজনে আনছে ভিন্ন এক মাত্রা।
ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে এই প্রথম কোনো সাংস্কৃতিক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন অভিনেতা জায়েদ খান। বিষয়টি নিয়ে তিনি নিজেও ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত। সংবাদমাধ্যম ঢাকা মেইলকে পাঠানো এক বিশেষ খুদে বার্তায় নিজের অনুভূতি ব্যক্ত করে জায়েদ খান বলেন, “প্রথমবারের মতো ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর প্রিয় জন্মভূমিতে পারফর্ম করতে যাচ্ছি, ভেবেই দারুণ লাগছে! আমি সত্যিই খুব রোমাঞ্চ অনুভব করছি। সেখানে অবস্থানরত প্রবাসী বাঙালি ভাই-বোনদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হবে এবং বিশ্বমঞ্চে আমাদের আবহমান বাংলা সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ পাব—ভাবতেই অন্যরকম ভালো লাগা কাজ করছে।”
আয়োজক সূত্র জানিয়েছে, লিসবনের অন্যতম জনপ্রিয় ও সুপরিচিত ভেন্যু ‘লিসবোয়া উয়ু ভিভো’তে (Lisboa Ao Vivo) ২৬ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা থেকে এই কনসার্টের পর্দা উঠবে। কনসার্টে জেমস তাঁর একের পর এক কালজয়ী ও জনপ্রিয় রক গান পরিবেশনের মাধ্যমে লিসবনের শ্রোতাদের এক অনন্য সংগীতের মোহনায় ভাসাবেন। পাশাপাশি জায়েদ খানের উপস্থিতি ও স্টেজ পারফর্ম দর্শকদের বিনোদনে বাড়তি আকর্ষণ যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
বর্ণাঢ্য এই কনসার্টের যৌথ আয়োজক পর্তুগালের স্থানীয় সামাজিক সংস্থা ‘কাসা দো বাংলাদেশ’ এবং সংবাদ মাধ্যম ‘নোটিসিয়া বাংলা’। ইতিমধ্যে খবরটি লিসবনের প্রবাসী বাঙালি কমিউনিটির মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবের আবহ তৈরি করেছে। কনসার্টের টিকিট ও উপস্থিতি নিয়ে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কাজ করছে টানটান আগ্রহ। আয়োজকদের দাবি, লিসবনের মাটিতে আয়োজিত এই কনসার্টটিই হতে যাচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় ও স্মরণীয় বাংলা গানের উৎসব।
