বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে প্রার্থী ছিলেন না, ভোটও দিতে পারেননি। কারণ, নির্বাচনের সময় তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন। কিন্তু তারপরও পুরো নির্বাচনজুড়ে আলোচনার কেন্দ্রে ছিলেন চিত্রনায়ক জায়েদ খান।
নির্বাচনের দিন এফডিসিতে শিল্পী, সাংবাদিক ও দর্শকদের আলোচনায় বারবার উঠে আসে জায়েদ খানের নাম। দীর্ঘ কয়েকটি মেয়াদ ধরে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে তার সরব উপস্থিতি, প্রচারণা, বক্তব্য এবং নানা ঘটনা নির্বাচনকে যেমন প্রাণবন্ত করেছে, তেমনি তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ফলে এবার তার অনুপস্থিতিও ছিল একটি আলোচনার বিষয়। তিনি দুইবারের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক ছিলেন। শিল্পী সমিতির প্রতিটি সদস্যের জন্য জায়েদ খান ছিলেন নিবেদিত প্রাণ। তাই তিনি সকলের কাছে এতো জনপ্রিয়।
ভোট দিতে এসে অভিনেতা ও উপস্থাপক শহরিয়ার নাজিম জয় বলেন, “জায়েদ খান একটা বিনোদনের নাম। নির্বাচনের সময় ওর ডিগবাজিসহ সবকিছুই মিস করি।” তার এই মন্তব্যে উপস্থিত শিল্পীদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় এবং বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এদিকে এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক হয়েছেন জয় চৌধুরী। নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট প্রদান করেন। বিজয়ের পর জায়েদ খান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান।
যদিও নির্বাচনে সরাসরি অংশ নেননি জায়েদ খান, তবুও চলচ্চিত্রাঙ্গনের অনেকের মতে, শিল্পী সমিতির সাম্প্রতিক ইতিহাসে তার ভূমিকা এবং নির্বাচনী উপস্থিতি এতটাই প্রভাবশালী ছিল যে, তাকে ছাড়া নির্বাচন যেন কিছুটা ভিন্ন আবহ তৈরি করলেও শিল্পীদের মুখে মুখে ছিল জায়েদ খানের নাম। এ যেন তার সরব উপস্থিতি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক ভক্ত ও চলচ্চিত্রপ্রেমী মন্তব্য করেছেন, শিল্পী সমিতির নির্বাচন মানেই একসময় জায়েদ খানকে ঘিরে নানা চমক, বক্তব্য ও বিতর্ক। ফলে এবারের নির্বাচনে তার অনুপস্থিতি একটি শূন্যতা তৈরি করেছে বলেই মনে করছেন অনেকে।
উল্লেখ্য, অতীতের কয়েকটি নির্বাচনে জায়েদ খান ছিলেন সবচেয়ে আলোচিত মুখগুলোর একজন। বিভিন্ন সময় তার নির্বাচনী প্রচারণা, বক্তব্য ও কর্মকাণ্ড ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবারের নির্বাচনে প্রার্থী না হলেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে তিনি আবারও প্রমাণ করলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির রাজনীতিতে তার উপস্থিতি এখনও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ।
