যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য রিভার ক্রুজ উদযাপন অনুষ্ঠান। অল কাউন্টি হোম কেয়ার, অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার এবং অল কাউন্টি এইচএইচএ ট্রেনিং স্কুলের উদ্যোগে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে শত শত হোম কেয়ার ও ডে কেয়ার সেবাগ্রহীতা, তাদের পরিবারের সদস্য এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সকাল ১১টায় কুইন্সের নির্ধারিত স্থান থেকে অংশগ্রহণকারীরা যাত্রা শুরু করেন। পরে স্কাইলাইন রিভার ক্রুজে হাডসন ও ইস্ট রিভার ঘুরে নিউইয়র্কের ঐতিহাসিক স্থাপনা, স্ট্যাচু অব লিবার্টি, ব্রুকলিন ব্রিজ ও ম্যানহাটনের মনোমুগ্ধকর স্কাইলাইন উপভোগ করেন।
অনুষ্ঠানে ছিল দেশ-বিদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত, বিনোদন, সুস্বাদু খাবার এবং অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন আয়োজন। প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন সেবাগ্রহীতাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এ আয়োজন করায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি শুধু একটি ঐতিহাসিক মাইলফলক নয়, এটি বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতীক। এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের আমন্ত্রক মুহাম্মদ কাদের, সিআইপি বলেন, কমিউনিটির প্রবীণ ও হোম কেয়ার সেবাগ্রহীতাদের আনন্দ দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও কমিউনিটির কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ১৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। যা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
দিনব্যাপী আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই রিভার ক্রুজ উদযাপন প্রবাসী বাংলাদেশিদের জন্য স্মরণীয় এক মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির এই বিশেষ আয়োজনকে সফল করার জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
