নিজস্ব প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নিজের ছোট ছেলেকে ত্যাজ্য করার ঘোষণা দিয়েছেন এক বাবা।
সোমবার রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুল ওহাব শেখ নামের ওই ব্যক্তি এই ঘোষণা দেন।
আব্দুল ওহাব শেখ উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, ছোট ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোনো সাংগঠনিক পদ-পদবি না থাকলেও সে দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ জানান, তিনি নিজে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তাঁর বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, তাঁর ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি সজীবের এই রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন।
এরপর সজীবকে অনেক বুঝানোর চেষ্টা করা হলেও সে তার অবস্থান থেকে সরে আসেনি এবং ছাত্রলীগের রাজনীতি ত্যাগ করেনি। যে কারণে নিরুপায় হয়ে তাঁরা পারিবারিকভাবে তাকে ত্যাগ করার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে ওই পিতা স্পষ্টভাবে জানান, এখন থেকে সজীব শেখের কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব তাঁদের পরিবারের নয়। তার যাবতীয় কার্যকলাপ এবং এর ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায়িত্ব সজীব নিজেই বহন করবে।
