মো. আসাদুল আলম,জাবি প্রতিনিধি: স্মৃতির আবেগ, বন্ধুত্বের পুনর্মিলন এবং আগামী দিনের অঙ্গীকারকে সামনে রেখে গতকাল ২২ জুন সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান।
দীর্ঘ সময় পর একত্রিত হওয়া প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় সৌহার্দ্য, স্মৃতিচারণ ও ভবিষ্যৎ পরিকল্পনার এক প্রাণবন্ত মিলনমেলায়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণের পাশাপাশি ব্যাচের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বিশেষভাবে স্মরণ করা হয় ২৫তম ব্যাচের প্রয়াত বন্ধুদের। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রয়াতদের পরিবারকে সার্বিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। একই সঙ্গে পুনর্মিলনী কার্যক্রম এবং সাংস্কৃতিক উদ্যোগগুলো ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আগামী দিনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ইতিহাস বিভাগের জনাব পারভেজ মল্লিককে সভাপতি এবং অর্থনীতি বিভাগের মাসুম বিল্লাহ সানিকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের কল্যাণ ও প্রয়োজনে পাশে থাকার উদ্যোগ নেওয়া হবে। তারা একটি মানবিক, সক্রিয় ও দায়বদ্ধ ব্যাচ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, পুনর্মিলনী কেবল স্মৃতিচারণের আয়োজন নয়; বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করার একটি ধারাবাহিক উদ্যোগ হিসেবেই এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
