নিজস্ব প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক আদর্শ ও প্রজন্মকে একাত্তরের আলোয় দীক্ষিত করার প্রত্যয় নিয়ে দ্বিতীয়বারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা-২০২৬’। একাত্তরের প্রহরী ফাউন্ডেশন-যুক্তরাষ্ট্র এই বইমেলার আয়োজক সংগঠন।
আয়োজকরা জানিয়েছেন, নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঙেল ক্রিশ্চিয়ান সেন্টারে আগামী ১৫ মে থেকে শুরু হবে তিন দিনব্যাপী এই বইমেলা।

২৫ এপ্রিল ২০২৬, শনিবার রাত ৮টায় নিউইয়র্কের একটি পার্টি হলে আগামী ১৫, ১৬ ও ১৭ মে ২০২৬ অনুষ্ঠিতব্য “বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬” উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা আয়োজন করা হয়। প্রবাসে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন—সংগঠক ও আবৃত্তিশিল্পী মিথুন আহমেদ, গণজাগরণ মঞ্চের অন্যতম ব্যক্তিত্ব সৈয়দ জাকির আহমেদ রনি, সাংবাদিক পিনাকী তালুকদার, মো: আব্দুল হামিদ, জাতিসংঘের সিভিল সোসাইটির প্রতিনিধি ড. এম. এনামুল হক, জনপ্রিয় উপস্থাপক স্বাধীন মজুমদার, আবৃত্তি শিল্পী মুনমুন সাহা, ফারহানা ইলিয়াস তুলি, জিনাত নবী, সুতপা মন্ডল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক হুসনে আরা, ফাহমিদা ইয়াসমীন এ্যানি, মনিরা আকন্জ্ঞি, রওশন আরা নীপা, কণ্ঠশিল্পী তাহমিনা শহীদ, দীলিপ কুমার মোদক, প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, হিরো চৌধূরী, সাজ্জাদ হোসেন সবুজ, লিটু আনাম, সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদের সদস্য সচিব মুজাহিদ আনসারী, সহ-সভাপতি মুহম্মদ ফজলুর রহমান, ফোবানা সংগঠনের চেয়ারম্যান ও বই মেলার যুগ্ম আহ্বায়ক জাকিরিয়া চৌধূরী, ইয়াকুব আলী মিঠু, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আবৃত্তিকার গোপন সাহা, কবি ফকির ইলিয়াস, সংগঠক গোপাল সান্যাল, সংগঠনের প্রচার সম্পাদক আসলাম খান এবং প্রজ্ঞা নিউজের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা-২০২৬-এর আহ্বায়কের দায়িত্বে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, লেখক, সংগীতশিল্পী তাজুল ইমাম, সদস্যসচিব স্বীকৃতি বড়ুয়া। তারা বলেন, ‘২০২৫ সালে শুরু হওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের চিরভাস্বর চেতনাকে সারা বিশ্বের পরবর্তী বাঙালি প্রজন্মের কাছে পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’ মেলার প্রধান অতিথি হিসেবে থাকবেন মার্কিন কবি ও অনুবাদক ক্যারোলিন রাইট।
উত্তর আমেরিকাসহ ইউরোপ, কলকাতা, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অতিথিরা এই আন্তর্জাতিক বইমেলায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
সভায় জানানো হয়, এবারের বইমেলায় আধুনিক স্টল ব্যবস্থাপনা, ডিজিটাল বুক কর্নার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী এবং শিশুদের জন্য সৃজনশীল কর্মশালার মতো ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রবাসে বাংলা বইমেলাকে নতুন মাত্রা দেবে।
দ্বিতীয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল ফোরটিন।
