যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওকলাহোমায় প্রতি বছরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য বৈশাখী মেলা ও সাংস্কৃতিক কনসার্ট। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য এই আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

প্রবাসী সংগঠন দেশী ইয়ুথ এসোসিয়েশন ওকলাহোমা এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা নববর্ষকে কেন্দ্র করে প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দকে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। প্রথমবারের মতো ওকলাহোমার বৈশাখী মেলা কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। তার উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আয়োজকরা।
জায়েদ খানের সঙ্গে আরও মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ এবং বিন্দু কনা। তাদের পরিবেশনায় দর্শক-শ্রোতাদের জন্য থাকবে বাংলা গান, নববর্ষের আবহ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এক মনোমুগ্ধকর সন্ধ্যা।
উল্লেখ্য, গত বছর একই ধরনের আয়োজনে অংশ নিয়েছিলেন নগর বাউল খ্যাত জনপ্রিয় শিল্পী জেমস, যার পরিবেশনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবারও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে এই বৈশাখী উৎসব।
আয়োজকরা আশা করছেন, ওকলাহোমায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি অন্যান্য সংস্কৃতিপ্রেমীরাও এই অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি করবেন।
