নিজস্ব প্রতিনিধি :
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আওয়ামী লীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী। মেঘনা নদীর তীরে অত্যন্ত গোপনে আয়োজিত এই শপথ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাতে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট সংলগ্ন নির্জন মেঘনা নদীর তীরে এই গোপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে লোকচক্ষুর আড়ালে নদীর তীরে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারী নেতাকর্মীরা সমস্বরে শপথ পাঠ করছেন। তারা অঙ্গীকার করেন যে, আওয়ামী লীগ ও যুবলীগের আদর্শে অবিচল থেকে তারা জনসেবা করবেন এবং শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের জন্য নিরবচ্ছিন্ন আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। এ সময় নেতাকর্মীদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।
অনুষ্ঠানটি গত শুক্রবার অনুষ্ঠিত হলেও এর তিনদিন পর সোমবার বিকেলে ভিডিওটি ফেসবুকে প্রকাশ করা হয়। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের এমন গোপন তৎপরতাকে কেন্দ্র করে জনমনে নানা কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নজরে এসেছে। বিষয়টি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখবে বলে তিনি মন্তব্য করেন। তবে ঘটনার বিষয়ে জানতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
