নিজস্ব প্রতিনিধি
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিদা বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও ‘পুলক জুয়েলারি’র মালিক আদিত্য কানাই গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নরসিংদী যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) সকালে আদিত্য কানাই তার নিজস্ব মোটরসাইকেল যোগে মনোহরদী থেকে নরসিংদী শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ইটাখোলা এলাকায় পৌঁছানোর পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়ি বা দোকানে ফিরে না আসায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
নিখোঁজ হওয়ার সময় আদিত্য কানাইয়ের সাথে ব্যবসায়িক প্রয়োজনে নেওয়া মোটা অঙ্কের নগদ টাকা ও কিছু স্বর্ণালঙ্কার ছিল বলে জানা গেছে। তিনি তার ব্যক্তিগত মোটরসাইকেলটি নিয়ে একাই নরসিংদী যাচ্ছিলেন।
এ ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে নিখোঁজ হওয়ার চার দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার বা তার ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো সন্ধান মেলাতে পারেনি পুলিশ।
আদিত্য কানাইয়ের পরিবারের সদস্যরা বর্তমানে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানায়, নিখোঁজ ব্যবসায়ীর অবস্থান শনাক্ত করতে এবং তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ইটাখোলা ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
