নিউইয়র্কের ম্যানহাটনে ইস্ট ভিলেজে একটি জনপ্রিয় ডেলিতে শনিবার গভীর রাতে ভয়াবহ গুলির ঘটনায় এক কর্মীর নিহত ও আরেকজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, একই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন। দুজনকেই দ্রুত বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আব্দুল সালেহকে (২৮) মৃত ঘোষণা করেন। অপর ব্যক্তি ২৮ বছর বয়সী যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল।
ঘটনার পর যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মালিকদের সংগঠন ‘ইউনাইটেড বোডেগাস অব আমেরিকা’- ইউবিএ (UBA) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দণ্ড নিশ্চিত করতে তথ্য দিলে ৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।
সংগঠনটির প্রেসিডেন্ট রাধামেস রদ্রিগেজ এক বিবৃতিতে বলেন, “এটি আমাদের কমিউনিটির জন্য ভয়াবহ ক্ষতি। ব্রঙ্কস, ম্যানহাটন, ব্রুকলিন ও কুইন্স—সবখানেই আমরা হুমকির মধ্যে আছি। আব্দুল একজন পরিশ্রমী মানুষ ছিলেন, তিনি তার এলাকার মানুষের সেবা করছিলেন। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
রোববার দোকানটি বন্ধ থাকলেও স্থানীয় বাসিন্দারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানা গেছে, আব্দুল সালেহ বিবাহিত ছিলেন এবং তার একটি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি তিনি ইয়েমেনে পরিবারকে দেখতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার শুরু হয় দোকানের ভেতরে একটি তর্ক-বিতর্ক থেকে, যা পরে বাইরে গিয়ে গুলির ঘটনায় রূপ নেয়। স্থানীয় বাসিন্দা রেক্স হিউজ বলেন, “আমি শুধু গুলির শব্দ শুনেছি, তারপর দেখলাম আমার বন্ধু রাস্তায় পড়ে আছে।”
বন্ধু তানিয়া মিন্টো বলেন, “সে সবসময় হাসিখুশি ছিল। আমাদের কমিউনিটির একজন গুরুত্বপূর্ণ মানুষকে হারানো সত্যিই কষ্টদায়ক।”
এদিকে, ইউবিএ’র মুখপাত্র ফার্নান্দো মাতেও দোকানের কর্মীদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে বলেন, “আর সহ্য করা যাবে না। আমরা চাই শহর, অঙ্গরাজ্য, ডিএ এবং বিচার বিভাগের সমন্বিত উদ্যোগে কঠোর আইন ও নিরাপত্তা নিশ্চিত করা হোক।”
