নিজস্ব প্রতিনিধি
এলাকাবাসীর বিক্ষোভের পর বরিশাল নগরীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান।
গ্রেপ্তার রিয়াজ মাহমুদ মিল্টন (৪৭) নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা প্রয়াত শাহজাহান খানের ছেলে। বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি।
২০২৫ সালের ৩১ জুলাই সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ী গ্রামে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুর দুই পায়ের রগ কেটে, কুপিয়ে ও ডান হাত বিচ্ছিন্ন করে পুকুরে চুবিয়ে হত্যা মামলার প্রধান আসামি মিল্টন। ওই মামলায় গ্রেপ্তারের পর দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি। সে সময় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।
বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মিল্টনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসী থানার সামনে বিক্ষোভ করেছে। এ ছাড়া এক নারী তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছে। মামলার পর পর তাকে গ্রেপ্তার হয়।
গ্রেপ্তার করার পর থানায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
আদালতের কাউনিয়া থানার জিআরও এএসআই মো. এমদাদ বলেন, আসামি অসুস্থ থাকায় বিচারকের নির্দেশে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
