যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় এসে সাংস্কৃতিক অনুষ্ঠান বা পারফরম্যান্সে অংশ নেওয়া নিয়ে আবারও আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় লোকসংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাসের নাম। অভিযোগ উঠেছে, তিনি ভিজিট ভিসায় দেশটিতে এসে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছেন, যা মার্কিন অভিবাসন আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসা (B1/B2) মূলত ভ্রমণ, চিকিৎসা বা ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য অনুমোদিত। এই ভিসায় কোনো ধরনের পেশাদার পারফরম্যান্স, অর্থ উপার্জন বা কর্মসংস্থান আইনত নিষিদ্ধ। এ ধরনের কার্যক্রমের জন্য প্রয়োজন নির্দিষ্ট কর্মভিত্তিক ভিসা, যেমন P বা O ক্যাটাগরির পারফর্মার ভিসা।
অভিযোগ রয়েছে, নকুল কুমার বিশ্বাস সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন। এসব অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে যদি তিনি আর্থিক সুবিধা গ্রহণ করে থাকেন, তাহলে তা সরাসরি ভিসার শর্ত লঙ্ঘনের মধ্যে পড়ে।
ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ভিসা অপব্যবহার ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ভিসা বাতিল, জরিমানা, এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে, আয়োজকদের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। কারণ, অবৈধভাবে কোনো শিল্পীকে পারফর্ম করানো যুক্তরাষ্ট্রের শ্রম ও অভিবাসন আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
তবে এ বিষয়ে এখনো নকুল কুমার বিশ্বাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
