নিজস্ব প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের মাহফিলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রোববার (২২ মার্চ) রাতে তিন দিনব্যাপী বাউলগানের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একদল স্থানীয় লোক আকস্মিকভাবে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করলে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
মাজার কর্তৃপক্ষ ও আয়োজকদের ভাষ্যমতে, রোববার রাতে শতাধিক ব্যক্তি সংঘবদ্ধ হয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। কোনো পূর্বসতর্কতা বা আপত্তি ছাড়াই তারা মঞ্চে উঠে বাদ্যযন্ত্র, সাউন্ড সিস্টেম এবং দর্শকদের বসার চেয়ার ভাঙচুর করতে শুরু করে। এ সময় হামলাকারীরা মাজারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। ঘটনার আকস্মিকতায় উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আয়োজকদের অভিযোগ, ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে হামলাকারীরা পাশের একটি মসজিদের জানালার কাচ ভাঙচুর করে। পরে এই ঘটনার দায় মাজারের ভক্তদের ওপর চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি তাদের।
ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে প্রায় একশ বছর ধরে নিয়মিত বাউলগানের আসর ও ওরস পালিত হয়ে আসছে। এটি স্থানীয় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছরের ন্যায় এবারও তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা সমবেত হয়েছিলেন। এই হামলার ঘটনায় স্থানীয়রা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এটি শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হামলাকারীদের ভাঙচুর করতে দেখা গেছে। ঘটনার পর বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ঘটনার দুই দিন পার হলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি স্থানীয়ভাবে আপসে মীমাংসার চেষ্টা চলছে।
মাজার কর্তৃপক্ষ ও ভক্তরা ভবিষ্যতে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে প্রশাসনের কাছে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
