নিজস্ব প্রতিনিধি
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা এবং রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে আমেরিকার কাছে অনুমোদন চাওয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।
রোববার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম-উর-রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির নেতা জিল্লুর রহমান ভিটু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান, জেলা কমিটির নেতা পলাশ বিশ্বাস, সদর উপজেলার নেতা শাহাবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিন্টু, শহর কমিটির নেতা শেখ আলাউদ্দিন এবং যুব মৈত্রী যশোর জেলা সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তারা এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও অভিযোগ করেন, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন চাওয়ার বিষয়টি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অসম্মানজনক। তারা সরকারের প্রতি আহ্বান জানান—দেশবিরোধী ও জাতীয় স্বার্থবিরোধী সব ধরনের গোপন চুক্তি বাতিল করতে এবং পররাষ্ট্রনীতিতে স্বাধীন অবস্থান বজায় রাখতে।
দুটোতে?
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার স্মারকলিপিটি গ্রহণ করেন।
এসময় তসলিম-উর-রহমান, জিল্লুর রহমান ভিটু, মিজানুর রহমান, সখিনা বেগম দীপ্তি, পলাশ বিশ্বাস, শাহাবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিন্টু, শেখ আলাউদ্দিন, আলতাফ চাকলাদার, মঞ্জুরুল আলম ও সেতুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
