বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনুর আলম শান্ত (৫৫) কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ রাত আনুমানিক ৯টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ও অসুস্থ ছিলেন। অভিযোগ রয়েছে, একটি মামলায় গ্রেফতারের পর কারাগারে থাকার সময় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অনেকেই দাবি করছেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা প্রয়োজন।
এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
