রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান–এর ছবি রেখে স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ–এর একদল নেত্রী।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে ১০-১২ জন নেতাকর্মীকে দেখা যায়। তারা কিছু সময় অবস্থান করে স্লোগান দেন এবং পরে সেখান থেকে চলে যান।
২০০২ সাল থেকে ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তিনতলা ভবনটিতে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের দপ্তর ছিল। দ্বিতীয় তলায় ছিল দলের মুখপত্র ‘উত্তরণ’-এর কার্যালয় এবং তৃতীয় তলায় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম চলত।
২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলীয় নামে কেনা হয়। ২০১৪ সালে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে পাশের আরও দুটি ভবন কিনে কার্যালয়ের সম্প্রসারণ করা হয়।
ছাত্র-জনতার তথাকথিত আন্দোলন এর প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেদিন রাজধানীর বিভিন্ন স্থাপনার পাশাপাশি ধানমন্ডির এই কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশের বঙ্গবন্ধু ভবন–এও হামলার ঘটনা ঘটে।
তথাকথিত আন্দোলনের পক্ষের শক্তিগুলোর দাবির পর গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে। সেই হিসাবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার সকালে সংগঠনটির কয়েকজন নেত্রী বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে কার্যালয়ের সামনে উপস্থিত হন। ফোনে এক নেত্রী গণমাধ্যমকে বলেন, “আজকে আমরা একটু রিস্ক নিয়েই গিয়েছি।”
তিনি আশা প্রকাশ করেন, একসময় ধানমন্ডির এই কার্যালয় আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে মুখরিত হবে।
