বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের ডাকা বয়কটের জেরে স্থগিত হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের ম্যাচ। ম্যাচ ঘিরে উত্তেজনার মধ্যে স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
সূচি অনুযায়ী আজ দুপুর দেড়টায় চট্টগ্রাম ও নোয়াখালীর মধ্যকার বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ক্রিকেটাররা ম্যাচ বয়কট করায় টস পর্যন্ত হয়নি। কোনো দলই মাঠে উপস্থিত হয়নি।
খেলা না হওয়ায় স্টেডিয়ামের ভেতরে থাকা দর্শক এবং বাইরে অপেক্ষমাণ দর্শক-জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কিছু মানুষ স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আর্মি এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করেন।
ঘটনার সূত্রপাত হয় গতকাল বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে। ক্রিকেটারদের উদ্দেশে দেওয়া ওই মন্তব্যকে ‘আপত্তিকর ও অবমাননাকর’ দাবি করে তাঁর পদত্যাগের দাবি তোলেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। গতকাল রাতেই তারা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণা দেন এবং আজ দুপুরে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান।
এদিকে বিসিবির একটি জরুরি বৈঠকে এম নাজমুল ইসলামকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি বিসিবির অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং প্রথমবার পরিচালক নির্বাচিত হয়েছিলেন।
তবে নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হলেও ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার না হওয়ায় আজকের বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতি নিয়ে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য দেওয়া হয়নি।
