জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভ বাড়তে পারে এমন আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার ১৫ ডিসেম্বর প্রকাশিত নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, নির্বাচন কমিশনের ঘোষণানুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসবে, রাজনৈতিক তৎপরতা ততই তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া রাজনৈতিক সমাবেশ বা বিক্ষোভও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। এ কারণে বড় জমায়েত, মিছিল কিংবা বিক্ষোভের কাছাকাছি না যাওয়ার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সজাগ থাকতে, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ করতে এবং যে কোনো ধরনের ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে ঢাকাস্থ মার্কিন দূতাবাস অথবা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (STEP) নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস।
