নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বৈশাখী টিভির প্রতিষ্ঠাতা এবং ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার একটি বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
ডিবি প্রধান জানান, ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) ইকবাল সোবহান চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ‘ডিবিসি নিউজ’-এর কার্যালয় থেকে তাঁকে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছিল।
এদিকে ডিবিসি নিউজের আরেক সাংবাদিক রাজীব ঘোষকে তুলে নেওয়া এবং গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে উদ্বেগ প্রকাশ করে এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)। তবে সাংবাদিক রাজীব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি অস্বীকার করে ডিবি।
ডিবি সূত্র জানায়, রাজীব ঘোষকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি এবং আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা দিয়ে কিছুক্ষণের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে।
