নিজস্ব প্রতিবেদক: জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে দলটির কার্যালয়ের সামনে হামলার অভিযোগ উঠেছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ হামলা শুরু হয় বলে জাসদের নেতারা জানিয়েছেন।
এর আগে শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় প্রতিনিধি সভা শুরু হয়। সভায় দেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা শাখার নির্ধারিত প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিনিধি সভায় কারাবন্দী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবি জানানো হয়।
এই অভিযোগ করে দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, হামলায় বিএনপির কতিপয় নেতাকর্মী নেতৃত্বে রয়েছেন। তবে তাৎক্ষণিক তিনি কারও নাম বলতে পারেননি।
তিনি জানান, কার্যালয়ের ভেতরে তাদের প্রতিনিধি সম্মেলন চলছিল। তখনই ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি ভাঙচুর শুরু করে হামলাকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙচুর চলছিল বলে তিনি জানান।
সভা চলাকালে জাসদ নেত্রী লিনু হক অভিযোগ করে বলেন, ‘মব সৃষ্টি করে সকলকে বন্দী করেছে।’
এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয় যুবদলের নেতাকর্মীরা দাবি করছেন যে, জাসদ কার্যালয়ের ভেতর থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। বিপরীতে জাসদ দাবি করছে, এমন কোনও ঘটনা ঘটেনি। ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে। তবে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এতে কোনও হতাহতের ঘটনা নেই।
জাসদের পক্ষ থেকে আরও জানানো হয়, নিচে কলাপসিবল গেট আটকে রেখেছে হামলাকারীরা। ভেতরে প্রতিনিধি সম্মেলনে আগত নেতাকর্মীরা কর্নেল তাহের মিলনায়তনসহ বিভিন্ন কক্ষে আটকে পড়েছেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাইরে বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড়। সেখানে যুবদলের নেতাকর্মীরাও অবস্থান করছেন। সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা।
