নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর জেলা শহরের প্রধান সড়কে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা–শরীয়তপুর সড়কের পৌরসভা এলাকা থেকে মিছিলটি বের হয়ে পুলিশ বক্সের দিকে যায়।
মিছিলে অংশ নেওয়ার অভিযোগে মো. সায়েম (১৮) নামের এক তরুণকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তিনি শরীয়তপুর সদর উপজেলার হাজরাসার এলাকার সাইদ আকনের ছেলে।
মিছিলটির একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কয়েকজন মুখে মাস্ক ও মাথায় সাদা কাপড় বেঁধে মিছিলে অংশ নিয়েছেন। তাঁদের কয়েকজনের হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা ছিল। মিছিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে স্লোগান দিতে শোনা যায়।
মিছিল চলাকালে শহরের প্রধান সড়কে অটোরিকশা, রিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। পুলিশ বক্সের সামনে দিয়ে মিছিল যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা শুরু হয়।
