ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) ও সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এর ফলশ্রুতিতে ২০১৯ সালের ওই নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মো. রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্যটি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি কর্তৃক অবৈধ প্রমাণিত হওয়ায় এবং সিন্ডিকেট কর্তৃক শোকজ নোটিশের উপযুক্ত জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে ডাকসু পদ বাতিল করা হয়েছে এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ২য় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।”

জানা যায়, ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এমফিল প্রোগ্রামে গোলাম রাব্বানীর ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। পরবর্তীতে তদন্তে বৈধ ছাত্রত্ব না থাকার প্রমাণ মেলায় তার প্রার্থিতা ও নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ হিসেবে গণ্য করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে রাশেদ খাঁনের প্যানেলের প্রার্থী নুরুল হক নুর বিজয়ী হয়েছিলেন। সেই সময়ে জিএস পদে ঘোষিত ফলে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে জয়ী হন গোলাম রাব্বানী এবং ৬ হাজার ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন রাশেদ খাঁন।
