মধ্যপ্রাচ্যের কৌশলগত ও সংবেদনশীল হরমুজ প্রণালি অঞ্চলে নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। গত ১৩ ও ১৪ অক্টোবর অজানা প্রজেক্টাইল বা মাইনের আঘাতে সিঙ্গাপুর-এর পতাকাবাহী এবং সংযুক্ত আরব আমিরাত পরিচালিত কন্টেইনারবাহী জাহাজ ‘জিএফএস প্রাইড’ ভয়াবহভাবে বিধ্বস্ত হয়ে সাগরে তলিয়ে গেছে। তবে সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) নিশ্চিত করেছে যে, জাহাজে থাকা ২১ জন ক্রুকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, জাহাজটি একটি “অননুমোদিত এবং বিপজ্জনক” রুট ব্যবহার করায় নৌ-মাইনের কবলে পড়ে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, তেল প্রবাহ ও আঞ্চলিক বাণিজ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে নতুন করে ভীতির সঞ্চার করেছে।
জাহাজডুবির পর দুবাই থেকে আরব বাজারগুলোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিলাসবহুল পণ্যবাহী কন্টেইনারগুলো সাগরে ভাসতে শুরু করে। বিভিন্ন ফুটেজে দেখা গেছে, স্থানীয়রা ছোট ছোট নৌকায় করে সাগরে ভাসমান আইফোন ও দামি পারফিউম সংগ্রহ বা লুট করছেন। এই অপ্রত্যাশিত দৃশ্য আন্তর্জাতিক শিপিং রুটের নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে।
