ফোরটিন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট সংলগ্ন এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ অন্তত ৮ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চিকিৎসাসেবা নিতে গিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারান তারা। এ ঘটনায় আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে (আনুমানিক রাত ১টা ৪৫ মিনিটে) নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের ১৫ এইচ নম্বর ভবনে অবস্থিত একটি আবাসিক হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভির বরাতে জানা যায়, আগুন লাগার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী এবং ১টি শিশু রয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানান, নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও সুনির্দিষ্ট পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।
পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানান, হোটেলটির ওপরের তলাগুলোতে ঘন কালো ধোঁয়া জমে যাওয়ার কারণে দমকলকর্মীদের উদ্ধারকাজ পরিচালনা করতে বেশ বেগ পেতে হয়। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনার (এসি) শর্ট সার্কিট বা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এনডিটিভি ধারণা করলেও, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন যৌথ তদন্ত পরিচালনা করছে।
