নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আজ ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস এবং আসন্ন ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের তথ্যটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল থেকেই গোপালগঞ্জ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল চালানো শুরু করেছেন। বিজিবির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)।
জেলার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং স্পর্শকাতর জনসমাগমস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে যৌথ চেকপোস্ট। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, গোপালগঞ্জ ভৌগোলিকভাবে ও রাজনৈতিকভাবে একটি বিশেষ গুরুত্বপূর্ণ জেলা। তাই অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই প্রয়োজনীয় ও নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের জান-মাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে মোকাবেলা করা হবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে গৃহীত সকল কর্মসূচি যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থেকে তাদের এই সার্বিক নজরদারি কার্যক্রম চালিয়ে যাবে।
