মো. আসাদুল আলম, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগে দেবাশীষ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নেওয়া হয়।
পরে লিখিত স্বীকারোক্তি, শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে আর কখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করার মুচলেকা দেওয়ার পর তাকে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত দেবাশীষ চৌধুরী ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা। তিনি ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। ঘটনার সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে ক্যাম্পাসে এসেছিলেন।
নিরাপত্তা অফিসে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে দেবাশীষ চৌধুরী উল্লেখ করেন, বটতলায় খাওয়া-দাওয়ার পর তিনি কয়েকজন ছাত্রীর গোপনে ছবি তুলেছিলেন, যা তার করা ঠিক হয়নি। এ ঘটনার জন্য তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো বটেই, দেশের কোথাও কারও অনুমতি ছাড়া এভাবে ছবি তুলবেন না বলে অঙ্গীকার করেন।
ঘটনার সময় দেবাশীষ চৌধুরী ও তার সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে দুটি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর সঙ্গে বটতলায় এসেছিলেন। সেখানে দুই শিক্ষার্থীর ছবি তোলার অভিযোগ ওঠার পর তাকে নিরাপত্তা অফিসে আনা হয়। পরে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
তিনি নিঃশর্তে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে আর কখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করবেন না বলে অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তার ব্যবহৃত গাড়িও আর ক্যাম্পাসে প্রবেশ করবে না। এসব শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে এ ধরনের অভিযোগের ক্ষেত্রে ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
