নিউইয়র্ক প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা প্রদান এবং কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন এটর্নি মঈন চৌধুরী।
চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলা ভাষা, সংস্কৃতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। এ সময় প্রবাসে আইনি সহায়তা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বাংলাদেশি কমিউনিটির পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এটর্নি মঈন চৌধুরীর ভূমিকার প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে এটর্নি মঈন চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন চ্যানেল আইয়ের কর্ণধার জনাব ফরিদুর রেজা সাগর। সম্মাননা গ্রহণের পর তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসী বাংলাদেশিদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনের সময় তাঁদের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের নানা আইনি জটিলতা মোকাবিলায় দক্ষ ও মানবিক আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটর্নি মঈন চৌধুরী দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা দিয়ে আসছেন এবং কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চ্যানেল আইয়ের ভূমিকা প্রশংসা কুড়িয়েছে।
